বহুল আকাঙ্ক্ষিত ফাইনালের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটবে ফিফা বিশ্বকাপের চলতি আসরের। আর ফাইনালে মুখোমুখি ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনা এবং স্পেন। দুই দলেই আছেন তারকা ফুটবলার, দাপুটে পারফর্মার। শেষ পর্যন্ত কাদের মুখে ফুটবে হাসি? তা জানা যাবে শেষ রাতে।
এদিকে ঢাকাই শোবিজের অনেক তারকাই আর্জেন্টিনার সমর্থক। ফাইনালে তাই লিওনেল মেসিদের জয় চাইছেন তারা।
কিংবদন্তি ম্যারাডোনার কথা শুনে আর তাকে দেখে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জন্মে দিলারা হানিফ পূর্ণিমার। তার পরিবারের সকলেও এই দলের সমর্থক। পূর্ণিমা বলেন, ‘আর্জেন্টিনায় ম্যারাডোনা ছিল, এখন মেসি আছে, যেটা ব্রাজিলে নেই। তাই আর্জেন্টিনা সমর্থন করি।’ মেসিভক্ত হিসেবে তিনি প্রিয় খেলোয়াড়ের হাতেই দেখতে চাইছেন বিশ্বকাপ।দাপুটে অভিনেতা জাহিদ হাসানও আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দলের জয় চাইলেও ম্যাচটা সহজ হবে না বলেই মন্তব্য তার। কারণ দুটি দলই দুর্দান্ত ফর্মে রয়েছে। গণমাধ্যমকে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত বোঝাপড়া এবং বড় ম্যাচ খেলার মানসিকতা কিছুটা বাড়তি সুবিধা দেবে।
এবার বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ যুক্তরাষ্ট্রের মাঠে বসে দেখেছেন অভিনেত্রী-নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। সঙ্গে ছিলেন তার স্বামী অভিনেতা এফ এস নাঈমও। ফাইনালে স্বাভাবিকভাবেই প্রিয় দলের জয় চাইছেন নাদিয়া। তিনি বলেন, ‘আমরা যারা আর্জেন্টিনা দলের সমর্থক, তারা বুকে এক সমুদ্র আবেগ আর আশা নিয়ে, ভালোবাসা নিয়ে পাশে থেকেছি সব সময়। আমাদের আছে সারা পৃথিবীর গর্ব বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। আর সর্বশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন তকমাসহ ২০২১ সাল থেকে ধারাবাহিকভাবে পর পর দুটো কোপা আমেরিকা ও ফাইনালিসিমা টাইটেল জয় করেছে। আরো একবার স্বপ্নপূরণের পথে আমরা, ইনশাআল্লাহ।’
কণ্ঠশিল্পী আতিয়া আনিসাও স্বপ্ন দেখছেন মেসিদের জয়ের। তিনি বলেন, ‘এবার বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে উঠবে। আমি এ নিয়ে কোনো যুক্তি দেখাতে যাব না। ব্যস! আমার একটাই কথা, মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। কাপটা তাঁরই প্রাপ্য।
সংগীতশিল্পী দিলশাদ নাহার কণাও আর্জেন্টিনার কট্টর সমর্থক। তিনি মনে করেন, গত বিশ্বকাপের ধারাবাহিকতা বজায় রেখে এবারও কাপ জিতবে আর্জেন্টিনা। লাক্স তারকা মিম মানতাসাও মনে করেন, এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।
সূত্র : ঢাকাপোস্ট
All rights reserved © 2026 DailyRupaliSaikat.Com
Developed By : AZAD WEB IT