
নিজস্ব প্রতিবেদক, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকায় বৈদ্যুতিক তারের গোলযোগ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রবাসী আবু জাফরের বসতঘর, গোয়ালঘর ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে গৃহপালিত চারটি গরু, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ মূল্যবান বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক তারের গোলযোগ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে পরিবারের সদস্যরা প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ারও সুযোগ পাননি।
অগ্নিকাণ্ডে প্রবাসী আবু জাফরের পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বপ্ন মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে।
ঘটনার খবর পেয়ে বারবাকিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আগুনে পরিবারটির সহায়-সম্বল প্রায় সবই পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর তিনি পেয়েছেন। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।
স্থানীয়দের দাবি, বৈদ্যুতিক তার ও সংযোগের ত্রুটি দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারটির পুনর্বাসনে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তারও দাবি জানিয়েছেন তারা।
All rights reserved © 2026 DailyRupaliSaikat.Com
Developed By : AZAD WEB IT