প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৬:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৬, ১১:৩৮ এ.এম
হ্নীলার ইউপি সদস্য নুরুল হুদার সাড়ে ৩ বছরের কারাদণ্ড, ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকা অর্থদণ্ড

নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হুদাকে সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নুরুল হুদা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিমপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।
দুদক সূত্রে জানা যায়, নুরুল হুদার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলাটির বিচারিক কার্যক্রমে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত নুরুল হুদাকে দোষী সাব্যস্ত করে সাড়ে তিন বছরের কারাদণ্ড ও ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত নুরুল হুদাকে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন।
আদালতের এ রায়ের পর টেকনাফের স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
All rights reserved © 2026 DailyRupaliSaikat.Com
Developed By : AZAD WEB IT