রিয়াজ উদ্দিন | কক্সবাজার
বুধবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সাগর থেকে উদ্ধারকারী দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
এর আগে মঙ্গলবার সকালে নাজিরারটেক পয়েন্টের কাছে প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়ে নিউজিল্যান্ডের একটি পরিবারের সদস্যদের বহনকারী ‘আইল্যান্ড গার্ল’ নামের প্রমোদতরীটি ভেঙে দুই টুকরো হয়ে যায়। এ সময় পরিবারের চার সদস্য সাগরে পড়ে যান।
স্থানীয় জেলে ও বাসিন্দাদের সহায়তায় আলবার্টের বাবা ৭৪ বছর বয়সী জন এডওয়ার্ড পুদনে, মা ৩৬ বছর বয়সী বেলা এবং ১৩ বছর বয়সী ভাই রালফকে জীবিত উদ্ধার করা হয়। তবে আলবার্ট নিখোঁজ ছিলেন।
দুর্ঘটনার পর থেকেই আলবার্টকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। পরে মঙ্গলবার রাতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও একটি দ্রুতগামী বোট উদ্ধার অভিযানে যোগ দেয়। স্থানীয় জেলেরাও নৌকা নিয়ে আশপাশের এলাকায় তল্লাশি চালান।
প্রায় ২৬ ঘণ্টার টানা তল্লাশির পর বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জানা গেছে, প্রায় দুই বছর ধরে তৈরি করা ‘আইল্যান্ড গার্ল’ বোটটিতে দীর্ঘদিন বসবাসের উপযোগী বিভিন্ন সুবিধা ছিল। পরিবারটি প্রায় আড়াই বছর ধরে ওই বোটে বসবাস করে দেশের বিভিন্ন নদী ও উপকূলীয় এলাকায় চলাচল করছিল।
মঙ্গলবার সকালে মহেশখালী চ্যানেলের মোহনা পেরিয়ে সাগরে প্রবেশের পরপরই প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়ে বোটটি। একপর্যায়ে কাঠামো ভেঙে দুই টুকরো হয়ে গেলে পরিবারের চার সদস্য সাগরে পড়ে যান।
উদ্ধারের পর আলবার্টের ভাই রালফ জানায়, ঢেউ আঘাত করার সময় সে ও তার বাবা ডেকে ছিলেন। তাদের মা ত্রিপলের ছাউনির নিচে আলবার্টকে লাইফ জ্যাকেট পরানোর চেষ্টা করছিলেন। এর মধ্যেই বোটটি ভেঙে গেলে তারা পানিতে পড়ে যান।
রালফের ভাষ্য অনুযায়ী, আলবার্টের লাইফ জ্যাকেটের ক্লিপ ঠিকমতো আটকানো ছিল না বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আলবার্ট সাঁতার জানতেন না।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, উদ্ধার হওয়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি দল না থাকায় শুরুতে নিখোঁজ কিশোরকে উদ্ধারে কিছুটা সমস্যা হয়। পরে কোস্টগার্ড ও নৌবাহিনীর নৌযান সাগরে তল্লাশি শুরু করে। পাশাপাশি স্থানীয় জেলেরাও নিখোঁজ কিশোরের সন্ধানে উদ্ধার অভিযানে অংশ নেন।
অবশেষে দীর্ঘ ২৬ ঘণ্টার অভিযান শেষে আলবার্টের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ কিশোরকে ঘিরে চলা উদ্ধার তৎপরতার সমাপ্তি হলো।
All rights reserved © 2026 DailyRupaliSaikat.Com
Developed By : AZAD WEB IT