
কক্সবাজার সদর উপজেলার আলীর জাহাল সিটি কলেজ এলাকায় মো. ইকরাম (৪০) হত্যাচেষ্টা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. মুবিনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেল ক্রসিং এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুবিন কক্সবাজার সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যাকাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-১৫ সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আলীর জাহাল এলাকায় সিটি কলেজের সামনে মো. ইকরামকে হত্যার উদ্দেশ্যে গুলি করে কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় ২ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়। ওই মামলায় মুবিনকে এজাহারনামীয় ৩ নম্বর আসামি করা হয়।
র্যাব-১৫-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার পলাতক আসামি মুবিন লিংক রোড রেল ক্রসিং এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর মুবিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের গ্রেপ্তারে র্যাব-১৫-এর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
All rights reserved © 2026 DailyRupaliSaikat.Com
Developed By : AZAD WEB IT