বণিক সমিতির সাধারণ সভায় সাধারণ সম্পাদককে অব্যাহতি, ভারপ্রাপ্ত দায়িত্বে নুরুল আজম খান
রিয়াজ উদ্দিন | কক্সবাজার
কক্সবাজারের খরুলিয়া বাজারে পর্যাপ্ত লাইটিং, সিসি ক্যামেরা স্থাপনসহ বাজারের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নুরুল আজম খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খরুলিয়া বাজার বণিক সমিতি ও বাজার পরিচালনা কমিটির উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন অর্থ সম্পাদক নুরুল আজম খান।
সভায় সাবেক সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ঝিলংজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রশিদ, ব্যবসায়ী জয়াকের সওদাগর, আজিজ উল্লাহ সাওয়াব, এনাম সওদাগর, আনিসুল কবির, দিদারুল আলম সিকদার, সাবেক ছাত্রনেতা আয়াত উল্লাহসহ বিভিন্ন ব্যবসায়ী ও সংগঠনের সদস্যরা বক্তব্য দেন।
সভায় খরুলিয়া বাজারের উন্নয়ন, সংস্কার ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, ড্রেন নির্মাণ, ময়লা-আবর্জনা সংরক্ষণে ডাস্টবিন স্থাপন, নারীদের জন্য নির্দিষ্ট যাত্রী ছাউনি নির্মাণ এবং বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা ও পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা করার বিষয়টি গুরুত্ব পায়।
এসব উদ্যোগ বাস্তবায়নে ৫ নম্বর ঝিলংজা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যদের সমন্বয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া খরুলিয়া বাজারের পল্লী ভান্ডার, খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি, সংশ্লিষ্ট দোকান ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটির মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে মসজিদে যাতায়াতের রাস্তা সংরক্ষণ ও চলাচল উপযোগী রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়। ব্যবসায়ী সদস্যদের স্বার্থ ও সংগঠনের নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত সাধারণ সদস্যদের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে নুরুল আজম খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা খরুলিয়া বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
All rights reserved © 2026 DailyRupaliSaikat.Com
Developed By : AZAD WEB IT