প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ৯:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৭:০০ পি.এম
হাইকোর্টের নির্দেশ অমান্য করে কলাতলীতে স্থাপনা, ২৪ ঘণ্টার আল্টিমেটামে উচ্ছেদ

রিয়াজ উদ্দিন
কক্সবাজারের কলাতলী মোড় সংলগ্ন হোটেল-মোটেল জোনে আদালতের নির্দেশনা অমান্য করে দখল করা জমিতে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ শুরু হয়েছে। জেলা প্রশাসনের ২৪ ঘণ্টার আল্টিমেটামের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে দখলদারদের নিয়োজিত শ্রমিকরা টিনের বেড়া, বাঁশের খুঁটি ও ইটের দেয়াল সরিয়ে জমি খালি করার কাজ শুরু করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলাতলী এলাকার একাধিক প্লটের বরাদ্দ বাতিল করে জমি খালি করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর পরও একটি প্রভাবশালী মহল রাতের আঁধারে উঁচু টিনের বেড়া দিয়ে জমি ঘিরে ফেলে। পরে সেখানে ইট-সিমেন্টের গাঁথুনি দিয়ে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে দখল প্রতিষ্ঠার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।
এ নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে জেলা প্রশাসন অবৈধ স্থাপনা সরিয়ে জমি খালি করার জন্য সংশ্লিষ্টদের ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। প্রশাসনের নির্দেশের পর বৃহস্পতিবার থেকে শুরু হয় স্থাপনা অপসারণের কাজ।

সরেজমিনে দেখা যায়, কলাতলী মোড়ের গুরুত্বপূর্ণ ওই এলাকায় আগে যে অংশটি টিনের বেড়া দিয়ে ঘেরাও করা হয়েছিল, তা ভেঙে ফেলা হচ্ছে। শ্রমিকরা টিন, বাঁশ ও ইট সরিয়ে নিয়ে পুরো জায়গাটি খালি করছেন। এতে পর্যটন নগরীর প্রবেশমুখের ওই এলাকায় দখলমুক্ত পরিবেশ ফিরতে শুরু করেছে।
জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, কক্সবাজারকে সুশৃঙ্খল, নিরাপদ ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। আদালতের নির্দেশনা বাস্তবায়ন ও জনস্বার্থে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, কলাতলী ছাড়াও সুগন্ধা মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে অবৈধ দোকানপাট, ফুটপাত দখল এবং অনুমোদনহীন রেন্ট-এ-বাইক স্ট্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একাধিক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
স্থানীয় সচেতন নাগরিক ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, পর্যটন নগরীর সৌন্দর্য, চলাচল ও শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।
All rights reserved © 2026 DailyRupaliSaikat.Com
Developed By : AZAD WEB IT