
শহিদুল ইসলাম, কুতুবদিয়া:
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ৩৬টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের শিকার পরিবারগুলো প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রান্নাঘরের চুলা থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। খবর পেয়ে কুতুবদিয়া দমকল বাহিনীর কর্মীরা দুটি ইউনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের বসতঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে আনুমানিক ৭০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে দিদার জলদাশ, চন্দ্রসেন, ইমালুন্দ, সিংহ জলদাশ, পেমদাশ, বিকল জলদাশ, মধুরানী,সোহান, সকাল দাশ, মুরালি দাশ, মুরপি, জিসাস, শরিফ, রনি, ধলু, সিদাম, রুবেল, মেঘ দাশ, দিপারানী, রুপাল, সবুজ, পবিরন, বুশ্যা,অজিত, সুনু, কালা গুচু, বাবুল, মুন্না বরন, টুটটুন, উওরা সেন, রুবান দাশ, সুদান সু, ভাবতি এর পরিবারের সদস্যরা রয়েছেন।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসতঘর হারিয়ে এখন নি:স্ব। তাদের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি- বেসরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। কুতুবদিয়া দমকল বাহিনীর স্টেশন অফিসার সোহেল আহাম্মেদের নেতৃত্বে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালিত হয়।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
All rights reserved © 2026 DailyRupaliSaikat.Com
Developed By : AZAD WEB IT