
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর পৃথক অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত ও মানবপাচার চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সৈনিক তিতাস হত্যা মামলার এক আসামিও রয়েছেন। এ সময় চক্রের হাতে জিম্মি থাকা দুই ব্যক্তিকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
শনিবার (২৮ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে ডাকাতি ও মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সাত সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে সৈনিক তিতাস হত্যা মামলার একজন আসামিও রয়েছেন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি দুটি এলজি, একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া চক্রটির হাতে জিম্মি থাকা দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযানের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টেকনাফে ডাকাতি ও মানবপাচার চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ অভিযানকে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
All rights reserved © 2026 DailyRupaliSaikat.Com
Developed By : AZAD WEB IT