নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাফেজ রহিম উল্লাহকে মারধর করে পুলিশ হেফাজতে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হবে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় ওই এলাকা দিয়ে যাওয়ার পথে মিছিলের ভিডিও ধারণ করছিলেন টেকনাফ উপজেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাফেজ রহিম উল্লাহ। এ সময় তাকে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন শিবির নেতারা। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় টেকনাফ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহ কামাল শাফি অভিযোগ করে বলেন, মিছিলের ভিডিও ধারণ করার সময় হাফেজ রহিম উল্লাহকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো তাকে ছেড়ে দেওয়া হয়নি। ঘটনাটিকে অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অবিলম্বে তার মুক্তি দাবি করেন তিনি।
অন্যদিকে, ঘটনার বিষয়ে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ বলেন, যারা মিছিল করছিল, তারা দৌড় দিলে রহিম উল্লাহও ভয়ে দৌড় দেন। পরে তাকে যাচাই-বাছাই করে জানা গেছে, তিনি জামায়াতের কর্মী এবং তার একটি সাংগঠনিক পদও রয়েছে। তাকে ছেড়ে দেওয়া হবে।
তবে নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও ধারণকে কেন্দ্র করে একজন রাজনৈতিক কর্মীকে মারধর ও পুলিশ হেফাজতে নেওয়ার অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মিছিলকারীদের পরিচয় ও পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
All rights reserved © 2026 DailyRupaliSaikat.Com
Developed By : AZAD WEB IT