রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
হাতের কব্জির হাড় ভেঙে হাসপাতালে চিকিৎসাধীন, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক| কক্সবাজার
কক্সবাজার সদরের পিএমখালীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার ওপর হামলা ও ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জসিম উদ্দিন (৩৪) নামে ওই নেতা গুরুতর আহত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি।
গত ৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে পিএমখালীর বাংলাবাজার নয়াপাড়া ভাই ভাই হোটেলের সামনে সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত জসিম উদ্দিন পিএমখালী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি গোলারপাড়ার বাসিন্দা চিকিৎসক মৌলভী মোহাম্মদ হোসাইন ওরফে মৌলভী বকশোর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে বাংলাবাজার কাজী অফিসে একটি কাবিন অনুষ্ঠানে অংশ নেন জসিম। পরে শাহাব উদ্দিন নামের একজনকে সঙ্গে নিয়ে ভাতিজির বিয়ের ফার্নিচার কেনার উদ্দেশ্যে সুইচগেট এলাকার দিকে যাচ্ছিলেন। বিকেল ৪টার দিকে নয়াপাড়া ভাই ভাই হোটেলের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তাকে পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে অভিযুক্তদের মধ্যে রয়েছেন পিএমখালীর মধ্যম নয়াপাড়ার মৃত মোক্তার আহমদের ছেলে শামশুল হুদা, পূর্ব গোলারপাড়ার লিয়াকত আলী, তার ছেলে শওকত আলী, রাশেলসহ অজ্ঞাতনামা কয়েকজন।
জসিমের অভিযোগ, হামলাকারীরা লোহার রড, খন্তা ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালান। লোহার খন্তা দিয়ে মাথায় আঘাত করতে গেলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে ডান কব্জিতে গুরুতর আঘাত লাগে এবং পরে এক্স-রে পরীক্ষায় হাড় ভাঙার বিষয়টি ধরা পড়ে। হামলায় তার বাম কাঁধ ও বাম হাতের তালুতেও জখম হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া একপর্যায়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা এবং প্যান্টের পকেটে থাকা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন জসিম। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। যাওয়ার সময় মামলা করলে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এজাহারে আরও বলা হয়েছে, অভিযুক্তদের সঙ্গে জসিমের পূর্বপরিচয় ও আত্মীয়তার সম্পর্ক রয়েছে। পারিবারিক বিরোধের জেরে তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।
অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার করেছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”