শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
“নভেম্বরে শুরু হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, বাদ পড়ছে ৯ ইউপি”
রিয়াজ উদ্দিন | কক্সবাজার
কক্সবাজারে ৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬২টিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নভেম্বরে ছয় বা সাত ধাপে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল আজিজ।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকা হিসেবে চিহ্নিত পাঁচটি ইউনিয়ন এবং সীমানা সংক্রান্ত জটিলতায় আরও চারটি ইউনিয়নসহ মোট ৯টি ইউনিয়ন পরিষদ এবারের নির্বাচনের বাইরে থাকতে পারে। ফলে ৬২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল আজিজ জানান, কক্সবাজার সদরের পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটি এবং রামু উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনের অধিকৃত এলাকা হিসেবে চিহ্নিত করে জেলা প্রশাসন মৌজা তালিকা প্রকাশ করেছে। এ কারণে এসব ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা নাও হতে পারে।
এ ছাড়া পেকুয়া উপজেলার একটি ও চকরিয়া উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের সীমানা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে। এসব ইউনিয়ন বাদ দিয়ে জেলার ৬২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, টেকনাফ, উখিয়া ও রামু উপজেলার কয়েকটি ইউনিয়ন বিভাজনের জন্য আবেদন করা হয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে বিভাজন সংক্রান্ত কোনো চিঠি না আসায় আপাতত ৬২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের হিসাব করা হয়েছে। তিন ধাপে এসব নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, গত ২ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ইসি জেলা নির্বাচন কর্মকর্তাদের ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন সংক্রান্ত তথ্য ছক আকারে পাঠানোর নির্দেশ দেয়।
নির্দেশনা অনুযায়ী জেলা নির্বাচন অফিস থেকে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ, জনপ্রতিনিধিদের প্রথম সভার তারিখ, মেয়াদ পূর্ণ হওয়ার সময়, ইউনিয়নের সীমানা, ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকা পুনর্বিন্যাস ও মামলা সংক্রান্ত তথ্যসহ নির্বাচন উপযোগিতা যাচাইয়ের প্রতিবেদন পাঠানো হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ জুন ও ২০ সেপ্টেম্বর তিন দফায় জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আইন অনুযায়ী, ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের বিধান রয়েছে।
এদিকে নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল। তিনি বলেন, ভোটকেন্দ্র যাচাই-বাছাই ও হালনাগাদ করতে গিয়ে মানুষের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্র, বুথের সংখ্যা ও কেন্দ্রগুলোর নির্বাচন উপযোগিতা যাচাই করে তথ্য পাঠানো হয়েছে।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।