শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন,টেকনাফ::::
চট্টগ্রাম বিভাগের জেলা পর্যায়ের রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণে কৃতিত্বের স্বাক্ষর রেখে দ্বিতীয় স্থান অর্জন করেছেন টেকনাফ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) আবুল কাশেম।
প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় রাজস্ব প্রশাসনের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহানের হাত থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন। এ অর্জনে তিনি গভীর আনন্দ প্রকাশ করে বলেন, এটি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; বরং টেকনাফের ভূমিসেবা গ্রহণকারী সাধারণ মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা ও সেবার স্বীকৃতি।
আবুল কাশেম ১৪ ডিসেম্বর ২০২৫ সালে টেকনাফ ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর থেকেই জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। নামজারি, খাজনা আদায়, ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা এবং প্রশাসনিক কার্যক্রম তিনি স্বচ্ছতা, আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা তাঁর দক্ষতা, আন্তরিকতা ও সেবার মানের প্রশংসা করেছেন। স্থানীয়দের মতে, তাঁর যোগদানের পর টেকনাফ ইউনিয়ন ভূমি অফিসে সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সেবাপ্রার্থীরা হয়রানিমুক্ত পরিবেশে দ্রুত প্রয়োজনীয় সেবা পাচ্ছেন।
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও দক্ষতা, নিষ্ঠা ও সততার সঙ্গে জনগণকে ভূমিসেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেছেন আবুল কাশেম। তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও মানসম্মত ভূমিসেবা পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য।”
তাঁর এই সাফল্যে টেকনাফের সর্বস্তরের ভূমিসেবা গ্রহণকারী, সহকর্মী ও সচেতন মহল আনন্দ প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতেও তাঁর কর্মজীবনে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ও শুভকামনা জানিয়েছেন তারা।