শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
কক্সবাজার সিটি প্রেসক্লাব বিলুপ্ত ঘোষণা করে সভাপতি রুহুল আমিন সিকদারের নেতৃত্বে ৭ সাংবাদিক প্রথম ধাপে কক্সবাজার জেলা প্রেসক্লাবে যোগদান করেছেন। জেলা প্রেসক্লাব কর্তৃপক্ষ নতুন দায়িত্বপ্রাপ্তদের ১২ নম্বর অনুচ্ছেদের ২-এর (ক) ধারা অনুসরণ করে বিশেষ বিবেচনায় বিভিন্ন পদে পদায়ন করেছে।

এই উপলক্ষে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা তাদের ফুল দিয়ে স্বাগতম জানান। এক জরুরি সভার মাধ্যমে দ্রুত একটি বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের উপদেষ্টা সম্পাদক ডা. হাফেজ মো. সোহেল, সহ-সভাপতি রমজান আলী সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমিন উল্লাহ, কোষাধ্যক্ষ মো. হাসান, দপ্তর সম্পাদক প্রভাষক রিয়াজ উদ্দিনসহ অন্যান্য সদস্যরা।
সভায় সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কক্সবাজার সিটি প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন সিকদারকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে এবং বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি মাস্টার মো. সেলিম উদ্দিনকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া আরও সাংবাদিকদের নির্বাহী সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে।
সভায় অংশগ্রহণকারী বক্তারা সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পেশাগত ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নতুন দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকরা কক্সবাজার জেলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে একটি পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দেন।