বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন।
একই সঙ্গে সমন্বিত মনিটরিং ব্যবস্থার মাধ্যমে বাজারে সারের সংকট মোকাবিলার তাগিদ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন বলেন, “নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের আরও বেশি উদ্যোগী ও দায়িত্বশীল হতে হবে।”
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. শামীম আল ইমরানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, মতবিনিময় সভায় যোগদানের পূর্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার উখিয়া ভূমি অফিস ও রাজাপালং ইউনিয়ন পরিষদ সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন।