মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
রিয়াজ উদ্দিন:
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়ার ৬ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটের পন্টুন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—সুনামগঞ্জের ছাতক উপজেলার ফকিরটিলা এলাকার মোছা. রুজিনা বেগম (৩৫) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর এলাকার রানু বেগম (৫৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটের পন্টুনে সন্দেহজনক অবস্থায় ওই দুই নারীকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে রুজিনা বেগমের হাতে থাকা লাল রঙের একটি শপিং ব্যাগের ভেতর একটি পাউরুটি পাওয়া যায়। সন্দেহ হওয়ায় পাউরুটিটি পরীক্ষা করে এর ভেতর বিশেষ কায়দায় লুকানো একটি পলিপ্যাকেট উদ্ধার করা হয়। পলিপ্যাকেটটি স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো ছিল। পরে সেটির ভেতর থেকে ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, ইয়াবা পাচারে ব্যবহৃত পদ্ধতি এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাদক পাচারে অভিনব কৌশল ব্যবহারের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরেও এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।