রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
টেকনাফ পৌরসভা নাগরিক ফোরামের উদ্যোগে পৌরসভার মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি ও নাগরিক প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ২টায় টেকনাফ পৌরসভা নাগরিক ফোরামের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টেকনাফ পৌরসভা নাগরিক ফোরামের সভাপতি, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার উপদেষ্টা মাওলানা রফিকউল্লাহ।
সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ফোরামের দায়িত্বশীল ও সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান এবং মাওলানা আশরাফ আলী। স্বাগত বক্তব্য রাখেন নাগরিক ফোরামের উপদেষ্টা রবিউল আলম।
মতবিনিময় সভায় বক্তারা টেকনাফ পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়ন, পৌর এলাকার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। একই সঙ্গে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা আসন্ন পৌরসভা নির্বাচনে নাগরিক ফোরামের সভাপতি মোহাম্মদ ইসমাইলকে মেয়র নির্বাচিত করার প্রত্যয় ও অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, পৌরবাসীর প্রত্যাশা পূরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে যোগ্য, সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন।
এ সময় বক্তারা পৌরবাসীর অধিকার ও প্রত্যাশা বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় টেকনাফ পৌরসভার বিভিন্ন এলাকার মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি এবং নাগরিক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ একরাম, মোহাম্মদ নূর, জাহেদ আলম, নূর হোসাইন, রশিদ আহমদ, রবিউল্লাহ, মো. সোহেল, সাইফুল ইসলামসহ আরও অনেকে।