শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
ফেনী জেলার চাঞ্চল্যকর চার তরুণ অপহরণ মামলার অন্যতম পলাতক আসামি জাহাঙ্গীর (২৯)কে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া এলাকায় অপহরণ মামলার এক আসামির অবস্থানের খবর পায় র্যাব। পরে জাদিমুড়া এসআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে এনামুল হক জনির কুলিং কর্নারের সামনে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী (জুম্মাপাড়া) এলাকার গোড়া মিয়ার ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধান ও মামলার বিবরণী অনুযায়ী, গত জুন মাসে ফেনীর চার তরুণ অপহরণের ঘটনায় টেকনাফ থানায় দায়ের করা মামলায় জাহাঙ্গীর ৮ নম্বর এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।