বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
রিয়াজ উদ্দিন:
সাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে মাছ ধরার নৌকা-ট্রলারসহ উপকূলবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।