মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
রিয়াজ উদ্দিন:
বরিশালের গৌরনদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে লোকমান হোসেন মোল্লা (২৫) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগের সরিকল ইউনিয়ন কমিটির এক প্রভাবশালী সদস্য ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। আহত যুবক বর্তমানে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার সরিকল ইউনিয়নের মহিষা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত লোকমান হোসেনের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের ১৬ শতাংশ জমি দখলের চেষ্টা করে আসছেন একই এলাকার নাসির মোল্লা। এ নিয়ে বিরোধের জেরে এর আগেও একাধিকবার উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় সালিশে নাসির মোল্লার কাছে জমির মালিকানার কাগজপত্র চাওয়া হলেও তিনি তা দেখাতে পারেননি বলে দাবি করেন লোকমানের পরিবার।
লোকমানের বাবা নিয়াম মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নাসির মোল্লা বিভিন্নভাবে তাঁদের হয়রানি করে আসছিলেন। এ বিষয়ে তিনি সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগও দেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। সেখানে তাঁদের পক্ষেই সিদ্ধান্ত দেওয়া হয় এবং নাসির মোল্লাকে জমি ছেড়ে দেওয়ার কথা বলা হয়।
তিনি আরও অভিযোগ করেন, রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ওই জমিতে কাজ করছিলেন। এ সময় নাসির মোল্লা, তাঁর ছেলে লিটন মোল্লা, টিকন মোল্লাসহ কয়েকজন সহযোগী সেখানে গিয়ে তাঁকে জোরপূর্বক জমি থেকে বের করে দেন।
খবর পেয়ে ছেলে লোকমান হোসেন ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে নাসির মোল্লা ও তাঁর সহযোগীরা হাতুড়ি দিয়ে তাঁকে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ করেন নিয়াম মোল্লা।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নাসির মোল্লা। তাঁর দাবি, ওই জমি তাঁদের পৈতৃক সম্পত্তি। নিয়াম মোল্লা ও তাঁর লোকজন জোরপূর্বক জমিটি দখল করে রেখেছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।