রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, সফরকালে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পের সামগ্রিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রমের অগ্রগতি এবং যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর বাস্তবায়ন সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ও কার্যকরভাবে ব্যবহার হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখবেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের জ্যেষ্ঠ আইন প্রণয়ন সহকারী নোয়েল ডেইনারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে আসছে। তাদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দুজন কর্মকর্তাও থাকবেন।
সফরসূচি অনুযায়ী, ২৬ ও ২৭ আগস্ট উখিয়ার ছয়টি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবে প্রতিনিধি দলটি। এরপর ২৮ আগস্ট টেকনাফের দুটি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান দাতা দেশ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অর্থায়নে রোহিঙ্গাদের খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
ফলে মার্কিন প্রতিনিধি দলের এই সফরের মাধ্যমে তাদের দেশের করদাতাদের অর্থে পরিচালিত মানবিক কার্যক্রমের বাস্তব চিত্র, প্রকল্পগুলোর কার্যকারিতা এবং ক্যাম্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘস্থায়ী সংকট, নিরাপত্তা পরিস্থিতি এবং মানবিক সহায়তার চাহিদা নিয়ে সফরকালে প্রতিনিধি দলের সঙ্গে সংশ্লিষ্টদের আলোচনা হতে পারে বলেও জানা গেছে।