বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সোলতান আহমদ,টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল ১ নম্বর ওয়ার্ডে ইসমতআরা ও তার স্বামী আব্দুল্লাহর বিরুদ্ধে ইয়াবা ব্যবসা, পারিবারিক বিরোধের জেরে মাকে হয়রানি এবং ঘরবাড়ি ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী পরিবারের সদস্য মো. ইব্রাহীমের দাবি, তার ছোট বোন ইসমতআরা ও তার স্বামী আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি আরও দাবি করেন, আব্দুল্লাহর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
ইসমতআরা ও তার স্বামী আব্দুল্লাহর তারা দুই জনই মাদক ব্যবসায়ী। তাদের কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় একটি পরিবারের সদস্যরা।
ইব্রাহীমের অভিযোগ করে জানান, মাদক ব্যবসা ও পারিবারিক সম্পত্তিকে কেন্দ্র করে তার মা খোরশিদা বেগমের সঙ্গে ইসমতআরা ও আব্দুল্লাহর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে তার মাকে বিভিন্নভাবে হয়রানি এবং মাদক মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করা হয়েছে বলে তিনি দাবি করেন।
খোরশিদা বেগম ওই এলাকার ঈমান শরীফের স্ত্রী। বর্তমানে তিনি একটি মামলায় কারাগারে রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইব্রাহীমের অভিযোগ, তার মা কারাগারে যাওয়ার সুযোগে ঘরবাড়ি ও জমি দখলের চেষ্টা করা হচ্ছে।
ইব্রাহীম বলেন, আমি মালয়েশিয়ায় থাকি। আমার মায়ের নামে খতিয়ানভুক্ত জমি ও ঘরবাড়ি রয়েছে। সম্পত্তি বণ্টন না করেই সেগুলো দখলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার বোন ইসমতআরা এর আগেও মায়ের বিরুদ্ধে একাধিক মামলা করেছে।
পরিবারের দাবি, গত ১৯ সেপ্টেম্বর কৌশলে খোরশিদা বেগমের বাড়িতে ইয়াবা রেখে প্রশাসনকে ভুল তথ্য দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে মাদক মামলায় গ্রেপ্তার দেখায় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ইব্রাহীম আরও অভিযোগ করেন, খোরশিদা বেগম কারাগারে যাওয়ার পর নোয়াখালী থেকে প্রায় ১০ জন লোক অস্ত্রসহ এসে তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরো জানান, আমার মাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে এই সুযোগে তার ঘরবাড়ি ও সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আমার বোন ও তার স্বামীর সঙ্গে মায়ের বিরোধ চলে আসছে। সম্পত্তি বণ্টন না হওয়ার সুযোগ নিয়ে এসব করা হচ্ছে।