শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
নুরুল হোসাইন,নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও অভিভাবকবান্ধব করতে নতুন উদ্যোগ নিয়েছে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। এখন থেকে বিদ্যালয়ের সব ধরনের পরীক্ষার ফলাফল ডিজিটাল পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল ফোনে পাঠানো হবে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের ফলে অভিভাবকরা দ্রুত ও নির্ভুলভাবে তাদের সন্তানের পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা সহজ হবে এবং বিদ্যালয়-অভিভাবকের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসাইন বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ফলাফল প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি অভিভাবকদের বিদ্যালয়ে এসে ফলাফল সংগ্রহের প্রয়োজনও অনেকাংশে কমে যাবে।
অভিভাবকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এসএমএসের মাধ্যমে ফলাফল হাতে পাওয়ায় সন্তানদের পড়াশোনার অগ্রগতি তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হবে, যা তাদের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে সহায়তা করবে।শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এ উদ্যোগ স্থানীয় শিক্ষাঙ্গনে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহিদ মাহমুদ বলেন, শিক্ষাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এই ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে বিদ্যালয়ের সব পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে সরাসরি অভিভাবকদের মোবাইল নম্বরে পৌঁছে দেওয়া হবে। এতে অভিভাবকরা তাৎক্ষণিকভাবে তাদের সন্তানের ফলাফল জানতে পারবেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করতে পারবেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে প্রযুক্তিনির্ভর আরও নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।